সিরিয়ার আলেপ্পো প্রদেশে আইএস'এর হাতে দখলীকৃত তিন জঙ্গি বিমানের দু’টিকে ধ্বংস করে দেয়ার ঘোষণা দিয়েছে দামেস্ক।
সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল-জোবি বলেছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সরকারি সেনারা আইএস'এর ব্যবহৃত তিনটি জঙ্গি বিমানের মধ্যে দু’টিকে বোমা মেরে ধ্বংস করে দিয়েছে।
এর মাধ্যমে সিরিয়া সরকার স্বীকার করেছে, আইএস দেশটির সেনাবাহিনীর কাছ থেকে তিনটি জঙ্গিবিমান দখল করে এবং তা আকাশে উড়িয়েছে।
জোবি বলেন, “আলেপ্পোর আল-জাররাহ সামরিক ঘাঁটিতে সন্ত্রাসীরা তিনটি জঙ্গি বিমান নিয়ন্ত্রণ করছিল। এসব পুরনো জঙ্গি বিমান দিয়ে সন্ত্রাসীরা ফ্লাইট পরিচালনার চেষ্টা করছিল। কিন্তু ল্যান্ড করার সময় এর দু’টি জঙ্গি বিমানকে ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।”
সিরিয়ার তথ্যমন্ত্রী জানান, তৃতীয় জঙ্গি বিমানটি নিয়ে সরকার ততটা চিন্তিত নয় কারণ, ওটিকে সন্ত্রাসীরা হামলার কাজে ব্যবহার করতে পারবে না।
ওমরান জোবি বলেন, তুরস্ক তার দেশে বিমান উড্ডয়নমুক্ত এলাকা প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে তার পক্ষে অজুহাত সৃষ্টির জন্য আইএসআইএলের হাতে জঙ্গি বিমান থাকার বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে পাশ্চাত্য।
সিরিয়ার সরকার বিরোধী কথিত মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গত শুক্রবার হঠাৎ করে ঘোষণা করে, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের শাসনামলের কিছু পাইলট আইএসআইএলের হয়ে সিরিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালানোর কাজে দখলীকৃত তিনটি জঙ্গি বিমান ব্যবহার করছে।
সিরিয়ার সরকার বিরোধী কিছু গণমাধ্যম এ দাবিও করে, আলেপ্পোর নেইরাব সামরিক ঘাঁটিতে থাকা দু’টি মিগ-২৩ জঙ্গি বিমানে হামলা চালিয়েছে আইএস।
কিন্তু এসব জল্পনার অবসান ঘটিয়ে সিরিয়ার তথ্যমন্ত্রী জানালেন, আইএসআইএলের হাতে থাকা তিন জঙ্গি বিমানের দু’টিকে ধ্বংস করে দেয়া হয়েছে এবং তৃতীয়টি দিয়ে হামলা চালানোর মতো অবস্থায় জঙ্গিরা নেই।রেডিও তেহরান
ইআর





