মার্কিন ইন্টারনেট কোম্পানি ইয়াহু চীনে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। ইয়াহুর পক্ষ থেকে এ কথা বলা হয়।
খবরে প্রকাশ, এতে করে অন্তত ২০০ লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। এ বিষয়টি অবগত আছেন এমন এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানায়, ইয়াহুর বেইজিং কার্যালয়ের গবেষণা কেন্দ্র বন্ধ হয়ে গেলে দুই থেকে তিনশ’ লোকের চাকরি চলে যাবে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি ইয়াহুর এ সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য ইন্টারনেট কোম্পানির বিপরীত।
কর্তৃপক্ষ তাদের পণ্য ব্লক করা সত্ত্বেও এসব কোম্পানি বিশ্বের বৃহত্তম অনলাইন জনসংখ্যাকে আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে।
টুইটার চলতি মাসে হংকংয়ে একটি অফিস খুলেছে। ফেসবুকের সিইও জুকারবার্গ গত বছর বেইজিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছেন।
ইয়াহু এএফপি’র কাছে পাঠানো এক বিবৃতিতে তাদের কার্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এতে ঠিক কতজন কর্মচারীর চাকরি যাবে তা নির্দিষ্ট করেনি।
ইয়াহু গত বছর ঘোষণা দিয়েছিল যে, তারা চায় না ই-কমার্স জায়ান্ট আলিবাবার শেয়ার ছেড়ে দেবে। ২০০৫ সালে ইয়াহু একশ’ কোটি মার্কিন ডলার দিয়ে আলিবাবার ৪০ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল। এই শেয়ার ছেড়ে দিয়ে মার্কিন কোম্পানিটি আলিবাবার কাছে তাদের কার্যক্রম সঁপে দিচ্ছে।
ইয়াহু ২০১৩ সালে তাদের চায়না ই-মেইল সেবা বন্ধ করে দেয়। এর আগে এক চায়না সাংবাদিকের তথ্য কর্তৃপক্ষকে সরবরাহ করে কোম্পানিটি বিতর্কে জড়ায়। পরে ওই সাংবাদিকের ১০ বছর কারাদন্ড হয়।
এমএ





