পাকিস্তান নৌবাহিনীর ফ্রিগেট পিএনএস জুলফিকার ছিনতাইয়ের জন্য সম্প্রতি করাচি ডকইয়ার্ডে হামলা করেছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসী দলের নেতৃত্বে ছিলেন পাক নৌবাহিনীরই সাবেক ক্যাডেট ওয়াইস জাখারানি। পাকিস্তানের একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক ডন।

গত ৬ সেপ্টেম্বর এ হামলা হয় এবং তার আগে জাখারানি সেখানে ঢুকলে তাকে নৌবাহিনীর লোকজন প্রথমদিকে স্যালুট পর্যন্ত দিয়েছিল। সূত্রটি ডনকে জানিয়েছে, নৌবাহিনীর ভেতরের কিছু লোকের সহযোগিতায় জাখারানি এ কাজ করতে যান। তবে, ঘটনার ৪৮ ঘণ্টা পর একটি বিবৃতি দিলেও বিশেষ সংবেদনশীলতার জন্য এ নিয়ে পাক নৌবাহিনী বিস্তারিত কিছু বলে নি।

সূত্রটি জানিয়েছে, একজন কর্মকর্তার নেতৃত্বে একটি ছিনতাইকারী চক্র পিএনএস জুলফিকারকে ছিনতাই করতে গিয়েছিল। প্রথমে ওই কর্মকর্তাকে স্যালটু দিলেও তাদের আচরণে সন্দেহ ঘনীভূত হয় এবং সঙ্গে সঙ্গেই অন্য লোকজনকে সতর্ক করা হয়। পাক সরকার চীন থেকে এ ফ্রিগেটটি কিনে ২০০৯ সালে একে নৌবাহিনীতে যুক্ত করেছে।

৬ সেপ্টেম্বর ডকইয়ার্ডে হামলার পরপরই পিএনএস ইকবাল থেকে কমান্ডোরা এগিয়ে যায় এবং সন্ত্রাসীদের সঙ্গে পাক নৌবাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এতে এক কর্মকর্তা নিহত ও সাতজন আহত হন। ওই ঘটনায় জাখারানিসহ দুই থেকে তিনজন সন্ত্রাসী নিহত ও চারজনকে আটক করা হয়। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ