রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি নৈশক্লাবে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।

আগুনে কমপক্ষে ১৮০ জন আহত হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী রেড আরাফাত।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী রায়েদ আরাফাত জানান, শুক্রবার রাত ১১টার দিকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের কোলেকটিভ নামের একটি নৈশক্লাবে কনসার্টের আয়োজন করা হয়। এ কনসার্ট উপলক্ষে প্রচুর লোক সমাগম হয়। নৈশক্লাবের ভেতরে আতশবাজি পোড়ানো হচ্ছিল। এর এক পর্যায়ে আগুনে লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচুর ধোঁয়ায় দম বন্ধ হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

রোমানিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, এক দশকের মধ্যে এটি অগ্নিকাণ্ডে সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।

দেশটির প্রেসিডেন্ট ক্লস ইউহান্নিস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্রে এ ধরনের ঘটনা দুঃখজনক।

কেএইচ