যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যে পশুখাদ্য তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুজন নিহতসহ আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
সোমবার নেব্রাস্কার ওমহাতে এ ঘটনা ঘটে।
কারখানায় সকালের দিকে কাজ চলাকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কারখানা ভবনের একটি অংশ ধসে পড়ে বলে জানিয়েছেন নেব্রাস্কার অন্তর্বর্তী দমকল প্রধান বার্নাড ক্যাঙ্গার। ঘটনার সময় কারখানায় ৩৮ জন কর্মী কর্মরত ছিল।নিহতদের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। আহত ১০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের আবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাকে শিল্প দুর্ঘটনা অভিহিত করলেও এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে ক্যাঙ্গার জানিয়েছেন।