নামাজ কি শুধুমাত্র মসজিদেই পড়া হবে? নাকি যে কোনও জায়গাতেই পড়া যাবে? এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চূড়ান্ত রায় দেবে ভারতের সুপ্রিম কোর্ট। রায়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা অযোধ্যায় রাম জন্মভূমি নির্মাণের ইস্যুতেও এ রায় সরাসরি প্রভাব ফেলতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, যুগান্তকারী এই রায় দিতে পারেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার আগে এটাই হতে পারে দীপক মিশ্র’র শেষ রায়।
১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে জানিয়ে দিয়েছিল, নামাজ পড়ার জন্য মসজিদ জরুরি নয়। তা যে কোনও স্থানে বসেই পড়া যেতে পারে। এবং সেই যুক্তিতে সুপ্রিম কোর্ট এ-ও রায় দিয়েছিল যে প্রয়োজন পড়লে সরকার মসজিদের জমিও অধিগ্রহণ করতে পারে।
স্বাভাবিকভাবেই তাতে খুশি হননি মুসলিম সম্প্রদায়ের বড় অংশ। আড়াই দশকের পুরনো এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছিল বেশ কয়েকটি মুসলিম দল। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের উচিত এই রায় পুনর্বিবেচনা করে দেখা।
এতদিনের পুরনো এই রায়টি ফের পুনর্বিবেচনা করে দেখা হবে কি না, সেই বিষয়েই সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
২০১০ সালে ইলাহাবাদ আদালতের রায়ে বলা হয়েছিল, বাবরি মসজিদের বিতর্কিত জমিটিকে তিনভাগে ভাগ করা হবে। যার একটি অংশ পাবে মুসলমানরা। আর, একটি বড় অংশ পাবে হিন্দুরা।
পরবর্তীকালে ইলাহাবাদ হাইকোর্টের এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল হিন্দু এবং মুসলিম সংগঠনগুলো। ইসলামে কি সত্যিই মসজিদ অপরিহার্য? তা নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের পুনর্বিবেচনা করে সিদ্ধান্তে আসার ওপর অনেকটাই নির্ভর করছে অযোধ্যা মামলার ভবিষ্যৎ।





