ইরাকের মালিকি সরকারের সহায়তায় যুদ্ধবিমান পাঠিয়েছে ইরান। সুন্নী বিদ্রোহী ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেভান্ট (আইএসআইএল) এর বিরুদ্ধে লড়ার জন্যে ইরান এই সহায়তা পাঠালো। খবর বিবিসি'র।
ইরাকের উত্তরাঞ্চলের বিশাল এলাকা এখন আইএসআইএল-এর দখলে। দীর্ঘদিন সিরিয়ার রণাঙ্গনে যুদ্ধ করলেও স্বল্প সময়ের প্রচেষ্টায় ইরাকের বড় অংশের দখল নিয়েছে তারা।
উত্তর ইরাকের বৃহত্তম শহর মসুলের দখল আইএসআইএল-এর হাতে। এর এক সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র, গ্যাসের মজুদ ও সেনানিবাসের দখল নেয় সুন্নী এই সশস্ত্র সংগঠনটি।
ইতিমধেই দখলকৃত এলাকায় স্বতন্ত্র একটি ইসলামি খেলাফত ঘোষণা করেছে বিদ্রোহীরা। নতুন রাষ্ট্রের জন্য মুসলিম বিশ্বের সহযোগিতাও চেয়েছে তারা।
ইরাকের প্রতিবেশী শিয়া রাষ্ট্র ইরানও শুরু থেকে বিদ্রোহীদেরকে দমানোর কথা বলে আসছে।
ইরাকের সরকারকে টিকিয়ে রাখতে ইরানের যুদ্ধবিমান পাঠানোর অর্থ হচ্ছে ওই দেশে বৈরী দেশ যুক্তরাষ্ট্রের বিমানগুলোর সঙ্গে এক হয়ে বিদ্রোহী দমনের অভিযান চালিয়ে যাচ্ছে ইরানের বিমানগুলো।
যুক্তরাষ্ট্র ইরাকে ড্রোন ও গোয়েন্দা হেলিকপ্টার মোতায়েন করেছে। সামরিক যানগুলোও বিভিন্ন স্থানে বিদ্রোহীদের অগ্রযাত্রা পর্যবেক্ষণ করছে। সূত্র: বিবিসি
ঢাকা, ০৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





