২৬ জুনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি করা ৩টি টুইটে বাংলাদেশের সঙ্গে আন্তরিক সম্পর্ক, সুষমার ঢাকা সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠি নিয়ে লিখেছেন।

টুইটে মোদি বাংলাদেশের সঙ্গে তার দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে আগামীতে দক্ষিণ এশিয়ার এই ২টি দেশের সম্পর্কের মেলবন্ধের ব্যাপারে গভীর আশাবাদের কথা তুলে ধরেন।

মোদি যখন দিল্লি বসে এসব টুইট করছিলেন, তখন তার মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য সুষমা স্বরাজ বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ২ দেশের মধ্যে তিস্তা চুক্তি, স্থলসীমান্ত চুক্তি, ট্রানজিটের মতো অমীমাংসিত ইস্যু নিয়ে কূটনৈতিক আলোচনা করছিলেন। ছড়িয়ে দিচ্ছিলেন বন্ধুত্বের বার্তা।

সুষমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের জন্য তাকে নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। মোদি তাতে লিখেছেন, পরস্পরের অগ্রাধিকার, প্রেক্ষাপট, উদ্বেগগুলো ভালোভাবে বুঝতে পারা এবং আগামী দিনে সম্পর্ককে আরো উঁচুতে নিয়ে যেতে আমাদের প্রায়ই দেখা হওয়া উচিত।.........আমাদের কাছে বাংলাদেশ নিছক এক প্রতিবেশী নয়, বরং একটি রাষ্ট্র যার সঙ্গে আমাদের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা অভিন্ন এবং জনগণের মধ্যে যোগসূত্র অনেক পুরনো।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ