ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচিত-সমালোচিত নিজের নাম খচিত গাঢ় নীল রংয়ের স্যুটটি নিলামে ওঠেছে। ইতোমধ্যে এর দাম উঠেছে কোটি রুপির ওপরে। এ নিলামে আরো স্থান পেয়েছে মোদির বিভিন্ন সময়ে উপঢৌকন হিসেবে পাওয়া ৪৫৫টি মূল্যবান দ্রব্যসামগ্রী।

বুধবার থেকে গুজরাটের সুরাট শহরে এ নিলাম শুরু হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। নিলাম তিন দিন ধরে চলবে বলে জানা গেছে।

সুরাটের ব্যবসায়ী রাজেশ জুনেজা এর দাম হেঁকেছেন ১ কোটি ২১ লাখ ভারতীয় রুপি। এর আগে শহরের অন্য ব্যবসায়ী এর দর বলেছিলেন ১ কোটি রুপি। নিলাম শুরু হয়েছিল ৫১ লাখ রুপি থেকে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরকালে আলোচনায় এসেছিল প্রধানমন্ত্রী মোদির এ স্যুটটি। তখন বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর গায়ে ১০ লাখ রুপি মূল্যের ওই স্যুটটি দেখা গিয়েছিল। নয়াদিল্লীর হায়দরাবাদ হাউসে এটি পরেই ওবামার সঙ্গে চা খেয়েছিলেন মোদি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তার পরনে ওই স্যুটটি দেখা যায়। এর জমিনে চিকন ডোরা আকারে সোনালি হরফে পর পর নরেন্দ্র দামোদরদাস মোদি লেখা রয়েছে।

এই নিলামে পাওয়া অর্থ গঙ্গা শোধনের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সুরাটের পৌর কমিশনার মিলিন্দ তোরাভানে।

তবে ভারতে ইতিমধ্যে এই নিলাম নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে, এটি আসলে মোদির দৃষ্টি আকর্ষণের চেষ্টা এবং গঙ্গা দূষণ রোধের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদল্লাহ তার টুইটে লিখেছেন, ‘যে স্যুট কোনোদিন পরতে পারবেন না, কেন এমন স্যুট কিনবেন? তার চেয়ে টাকা দিন চ্যারিটিতে।’এছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও মোদির এই স্যুট নিলাম নিয়ে রীতিমত ব্যঙ্গ শুরু হয়েছে। তবে স্যুট নিলামকে সমর্থন করে প্রধানমন্ত্রীর প্রশংসায় নেমে পড়েছেন মোদি ভক্তরা।

এমএ