ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারছে না ফ্রান্সের বিখ্যাত তেল-গ্রাস কোম্পানি টোটাল। শিগগিরই তাদের ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে।

তবে টোটাল বিদায় হলেও তাতে তেমন প্রভাব পড়বে না ইরানের গ্যাসের বাজারে। টোটালের দায়িত্বে থাকা ইরানের 'সাউথ পার্স' গ্যাসক্ষেত্রে দায়িত্ব বুঝে নিয়েছে চীনা কোম্পানি সিএনপিসি।

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম আইআরআই।

বিজান নামদার বলেন, আনুষ্ঠানিকভাবে সিএনপিসি টোটালের দায়িত্ব বুঝে নিয়েছে। তবে তারা এখনো কাজ শুরু করেনি।

উল্লেখ্য গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর নতুন করে অবরোধ কার্যকর করেন। এরপর ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের ১১ নম্বর ফেজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ফ্রান্সের টোটাল।

ইরানে যে গ্যাস উৎপাদন হয় তার শতকরা ৭০ ভাগ সাউথ পার্স গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত হয়।

এমআর