যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে এলাকায় হত্যা করা হয়েছে বাংলাদেশী এক দম্পতিকে। তাদের বাসার ভিতরেই পড়ে ছিল মৃতদেহ।

পাশেই লেখা ছিল একটি বার্তা: ‘সরি, মাই ফার্স্ট কিল ওয়াজ ক্লামজি’। তবে কে বা কারা তাদেরকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারে নি পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন এবিসি ৭ নিউজ। এতে বলা হয়, নিহতরা হলেন গোলাম রাব্বি ও তার স্ত্রী শামীমা রাব্বি। পেশায় গোলাম রাব্বি একজন প্রকৌশলী। শামীমা রাব্বি একজন একাউন্টেন্ট।

কয়েক দশক আগে তারা বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। সেখানে শান্তিপূর্ণ ছিল তাদের জীবনযাপন। কয়েক দিন তাদের খোঁজখবর না পেয়ে বন্ধুরা তার বাসায় যান গত রোববার। সেখানে গিয়ে তাদেরকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোন সাড়া পাচ্ছিলেন না তারা।

এ সময় তারা বাসার একটি দরজার সøাইডিং গ্লাস সরিয়ে যা দেখতে পান তাতে গা শিউরে ওঠে। তারা দেখতে পান হার্ডউডের ওপর পড়ে আছে তাদের মৃতদেহ। খবর পায় পুলিশে। এখন ঘটনা উদ্ধারের চেষ্টা করছে তারা। এই দম্পতি বসবাস করতেন একটি মসজিদের কাছেই। তারা ছিলেন ধর্মপ্রাণ।

এ বিষয়ে এভারগ্রিন ইসলামিক সেন্টারের সদস্য ফয়সাল ইয়াজাদি বলেন, রাব্বি দম্পতি আমাদের মাঝে আর নেই। এ কথা ভাবতেই পারছি না। তারা এমনভাবে চলে বিদায় নিয়েছেন যার নিন্দা করে শেষ করা যায় না। রাব্বি দম্পতির বন্ধুরা বলেছেন, তাদের রয়েছে দুটি ছেলে। তাদের একজনের বয়স ১৭ বছর।

আরেকজনের ২১ বছর। ঘটনার সময় তারা বাসায় ছিলেন না। পুলিশ বলেছে, রাব্বি দম্পতিকে গুলি করা হয়েছে। তবে কি উদ্দেশে হত্যা করা হয়েছে বা এ বিষয়ে সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা যায় নি।

এমআর