থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে সমন জারি করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। এ সমনে সরকারি চাল ভর্তুকি প্রকল্পে প্রধানমন্ত্রীর অবহেলার কারণ দর্শাতে বলা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বৃহস্পতিবারের শুনানিতে উপস্থিত ছিলেন না।
দেশটির দুর্নীতিবিরোধী কমিশনের এক কর্মকর্তা জানান, ইংলাক সিনাওয়াত্রার আইনজীবী তার প্রতিনিধিত্ব করেছেন। ইংলাক সিনাওয়াত্রার বিরোধী শিবির থেকে বলা হচ্ছে, এই পুরো প্রকল্প ছিল দুর্নীতিতে পরিপূর্ণ।
বিবিসি জানিয়েছে, এ প্রকল্পে ইংলাকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাকে পদচ্যুত করা হবে। সেই সঙ্গে জুটতে পারে পাঁচ বছরের সাজা। এমনকি রাজনীতি থেকেও তাকে নিষিদ্ধ করা হতে পারে।
থাইল্যান্ডে নভেম্বর থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে উঠছে। ২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও তা প্রত্যাখ্যান করেছিল দেশটির প্রধান বিরোধী দল।
সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের
থাইল্যান্ডে ক্রমবর্ধমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংঘাতে লিপ্ত সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জেন সাকি থাইল্যান্ডে গত রোববারের বোমা হামলার নিন্দা জানিয়ে বুধবারের এক ব্রিফিংয়ে বলেছেন, ‘রাজনৈতিক মতবিরোধ দূর করার জন্য সহিংসতা কোনো গ্রহণযোগ্য পন্থা নয়।’
থাইল্যান্ডে প্রায় চার মাস ধরে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থক ও বিরোধীদের মধ্যে অবিরাম সহিংসতা চলছে।
গত রোববার একটি ব্যস্ত বাজার এলাকায় বোমা হামলায় শিশু ও নারী নিহত হয়েছে। সহিংসতার কারণে দেশটিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তা ছাড়া থাইল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টি কেনিও দেশটির সংকট শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সমাধান করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা। সূত্র : রয়টার্স
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]