ভারত সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনায় পরমাণুকেন্দ্র তৈরিতে ও প্রতিরক্ষার ক্ষেত্রে সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে। বুধবার দু’দিনের ভারত সফরে এসেছেন পুতিন।
রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘ দিনের সম্পর্ক থাকলেও সেই সম্পর্ক সাম্প্রতিককালে শীতল হয়েছে বলে জল্পনা শুরু হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া আগের মতো সাহায্য করছে না বলে অভিযোগ।
যদিও পুতিন বলেছেন, ‘ভারত অনেকদিনের পুরনো এবং নির্ভরযোগ্য বন্ধু। প্রতিরক্ষা ক্ষেত্র, সন্ত্রাসবাদ ও মাদক পাচার বন্ধে দু’দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখতে রাশিয়া আগ্রহী।’
আজকের বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে ১৫ থেকে ২০টি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমেরিকা ও চীনের পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম পেট্রোপণ্য আমদানি কারক দেশ ভারত। প্রাকৃতিক গ্যাস ও তেলের নতুন নতুন ক্ষেত্র সন্ধানে দু’দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে।
ভারতে ১৪ থেকে ১৬টি নতুন পারমানবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার বিষয়ে সাহায্যের কথা ছিল রাশিয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংখ্যা বাড়িয়ে ২০ থেকে ২৪-এ নিয়ে যাওয়ার চেষ্টা চালাবেন। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার কাদাকিন বলেছেন, ‘কুদনাকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পঞ্চম ও ষষ্ঠ ইউনিট গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।’
আজ বৃহস্পতিবার রাতে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে এক নৈশভোজে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এমএ





