ইরাকের রাজধানী বাগদাদ ও নিকটবর্তী দুটি শহরে পৃথক বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শনিবারের এসব হামলায় ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।

শিয়া অধ্যুষিত সদর সিটি এলাকায় কার গাড়ি বোমা বিস্ফোরণে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

একই জেলায় দুদিন আগে ট্রাকে করে বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত ৬০ জন মারা যান। এই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট বা আইএস।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার বাগদাদের শিয়া অধ্যুষিত জেলা হাবিবিয়ায় বোমা হামলায় নিহত হয়েছেন ১৫ জন। একটি কার বিক্রয়কেন্দ্রের কাছে ওই গাড়ি বোমা হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ক্ষমতা গ্রহণের পর এটাই রাজধানীতে সবচেয়ে বড় ধরনের হামলা হলো।

এদিকে, বাগদাদের উত্তরে তাজি শহরে অপর এক বোমা হামলায় শনিবার দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো সাতজন।

অন্যদিকে, বাণিজ্যিক এলাকা জিসর দিয়ালা, মাদিন ও ইস্কানে বোমা হামলায় নিহত হয়েছেন সাতজন।

এসব হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) হামলাগুলো চালিয়েছে।সূত্র: বিবিসি, রয়টার্স

এমআর