ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নতুন প্রকাশিত ভিডিওতে রাশিয়ার সাথে আলোচনা জন্য তীব্র আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের জনগণের জন্য আরো একটি ভিডিও প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই ভিডিওতে তিনি রাশিয়াকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (১৯ মার্চ) সকালে প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন, আমি চাই সকলে আমার বক্তব্য শুনতে পাক। বিশেষ করে রাশিয়ায় থাকা ব্যক্তিরা আমার বক্তব্য শুনতে পাক। আমি মনে করি যে এখনই আলোচনার সবচেয়ে ভালো সময়। এখনই বৈঠক ও সাক্ষাৎ করার সবচেয়ে ভালো সময়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনকে তার ভূখণ্ড ফেরত দিতে হবে এবং দেশটির প্রতি ন্যায়বিচার করতে হবে। এটা করা না হলে রাশিয়াকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভুগতে হবে। রাশিয়ার মারাত্মক ক্ষতি হবে।

প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, যেসব ইউক্রেনীয় শহরে রাশিয়ান সেনাবাহিনী আক্রমণ করেছে, সেখানে ইচ্ছা করে মানবিক সাহায্য পৌঁছাতে দিচ্ছে না তারা। এটাকে তিনি মানবতাবিরোধী অপরাধ বলে আখ্যায়িত করেছেন। তথ্যসূত্র : আল-জাজিরা।

এবিএস