আমেরিকায় আমৃত্যু কারাভোগকারী ৮০ বছরের এক বৃদ্ধকে বিয়ে করতে যাচ্ছেন ২৬ বছরের এক তরুণী। আদালত সোমবার তাদের বিয়ে করার অনুমোদন দিয়েছে। ফলে, তারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন। খবর বিবিসি'র।
বিয়ের ব্যাপারে তরুণী অ্যাফটন অ্যালাইন বার্টন বলেন, "আপনারা সবাই জেনে রাখুন যে, এটা বাস্তব রূপ লাভ করতে যাচ্ছে। আমি তাকে ভালোবাসি।"
তরুণী বার্টন তার বুড়ো প্রেমিকের সঙ্গে দেখা করতে প্রায়ই কারাগারে যান বলে জানা গেছে। সোমবার তাদের বিয়ে করার অনুমোদন দেয় আদালত। তবে, কারাগারে বন্দী থাকায় বিয়ের বৈধতা থাকবে মাত্র ৯০ দিন।
জানা গেছে, ক্যালিফোর্নিয়ার করকোরান কারাগারে বন্দী ওই বৃদ্ধের নাম চার্লস ম্যানসন। ১৯৬৯ সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে সাত খুনের দায়ে তিনি এই কারাভোগ করছেন। শ্বেতাঙ্গ এই বৃদ্ধ আরো কয়েকজনের সঙ্গে মিলে ক্যালিফোর্নিয়ায় একটি বর্ণবাদী যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন। মাত্র দুদিনে তিনি ও তার সহযোগীরা ৭ জনকে খুন করেন। খুনের দায়ে চার্লস ও তার সহযোগী তিন নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
কিন্তু ১৯৭২ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড রহিত করায় তারা আমৃত্যু কারাভোগ করছেন। তাদের খুনের শিকার ব্যক্তিদের মধ্যে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কির স্ত্রী শ্যারন টেইটও রয়েছেন। শ্যারন তখন গর্ভবতী ছিলেন।
এমএ





