নাৎসী বাহিনীর পোষাক পরা ইসরাইলের প্রেসিডেন্টসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় বিব্রতকর অবস্থায় পড়েছে তেল আবিব। বিষয়টি নিয়ে এরইমধ্যে তদন্তে নেমেছে ইসরাইল।
নাতান জোয়াবি নামে এক ব্যক্তির ফেইসবুক একাউন্টে ইসরাইলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন, আইনমন্ত্রী জিপি লিভনি এবং অর্থমন্ত্রী ইয়ারি লাপিদসহ কয়েকজন সরকারি কর্মকর্তার ছবি রয়েছে যাতে তাদেরকে জার্মানির নাৎসী বাহিনীর পোষাক পরা অবস্থায় দেখা যাচ্ছে।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে গতকালই ইসরাইলের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
ইসরাইলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইৎজাক আহারনোভিচ বলেছেন, যত দ্রুত সম্ভব দোষী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ডকে অবশ্যই প্রশ্রয় দেয়া হবে না।
তিনি বলেন, এ ধরনের সহিংসতা নির্মূল করা তার সরকারের দায়িত্ব।
ইসরাইলের সংসদ নেসেটের স্পিকার ইউলি এডেলস্টেইন বলেছেন, এ ধরনের বিব্রতকর ঘটনাকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। এর আগেও বহুবার হুঁশিয়ার করা হয়েছে যে, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ও সহিংসতা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।
এর আগে, ২০১৩ সালের জুন মাসে লাপিদের ছবিকে হিটলারের আকৃতি দিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়েছিল। রেডিও তেহরান
ইআর





