অবরুদ্ধ গাজা উপত্যকায়  ইসরাইলি বাহিনীর হামলা চলছে। সোমবারের হামলায় নারী ও শিশুসহ অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ১৪ দিনের ইসরাইলি আগ্রাসনে মোট ৫৩২ জন ফিলিস্তিনি নিহত হলেন।  

ইসরাইলি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের মধ্যে ১৭০ জনেরও বেশি হলেন হামাস যোদ্ধা। বৃহস্পতিবার স্থল অভিযান শুরুর পর তারা নিহত হন।

আল-জাজিরা'র খবরে বলা হয় সোমবার ইসরাইল হামলা চালানোর পর মনে হচ্ছে, হামাসের প্রধান ইসমাইল হানিয়া প্রতিরোধ সংগ্রাম জোরদার করবেন।

ইসমাইল হানিয়া বলেছেন, " আজ প্রিয়জনদের রক্ত ঝরানো হয়েছে। আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান এই হত্যাযজ্ঞ, কসাইয়ের মতো আচরণ উপেক্ষা করা যায় না।" তিনি আরো বলেন, আজকের প্রতিরোধ হবে চূড়ান্ত আঘাত।

গাজার খান ইউনিস শহরে রোববার রাতে ভয়াবহ বোমাবর্ষণের শিকার একটি বাড়ির ধ্বংসস্তুপের নীচ থেকে সোমবার ২০ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া,দক্ষিণ গাজার একটি বাড়িতে ইসরাইলি কামানের গোলার আঘাতে নয় মাসের একটি শিশুসহ ১০ জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এ ছাড়া, গাজার শেজাইয়া এলাকায় ইসরাইলি ট্যাংকের গোলার আঘাতে তিনজন শহীদ হয়। এই এলাকায় গতকাল একদিনে কমপক্ষে ১০০ ফিলিস্তিনিকে হত্যা করে ইহুদিবাদী সেনারা। ওদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ভূগর্ভস্থ টানেল দিয়ে ইসরাইলে অনুপ্রবেশকারী ১০ হামাস যোদ্ধাকে হত্যা করেছে। হামাসের যোদ্ধারা দু’দিন আগে এরকম টানেল দিয়ে ইসরাইলে ঢুকে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনাকে হত্যা করেছিলেন। সূত্র: আল-জাজিরা, আইআরআইবি, বিবিসি।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই