নেপালে একটি  গ্রামে বরফ চাপা অবস্থায় ১শ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন পশ্চিমা অভিযাত্রী রয়েছেন। গত সপ্তাহে ভয়াবহ ভূমিকম্পে তারা বরফের নিচে চাপা পড়েন।

শনি ও রোববার রাজধানী কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তরে লাংটাং গ্রাম থেকে নেপালি পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা এসব মৃতদেহ উদ্ধার করে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, লাংটাং গ্রামটি এভারেস্টে যাওয়ার পথ হিসেবে পশ্চিমা পর্বতারোহীদের কাছে খুবই জনপ্রিয় একটি এলাকা ছিল। এখানে পবর্তারোহীদের জন্য ৫৫টি অতিথিশালা ছিল। এসব অতিথিশালা বরফের নীচে চাপা পড়েছে।

লাংটাং যে জেলায় অবস্থিত সেই জেলার সহকারী প্রধান কর্মকর্তা গৌতম রিমাল জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত সাতজন বিদেশি। তবে এদের মধ্যে মাত্র দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে ।

তিনি আরও জানান, আরও মৃতদেহের খোঁজে স্থানীয় স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যরা ছয় ফুট পুরু বরফের স্তুর খুড়ছেন।

তুষারধসের সময় লাংটাংয়ে কতোজন মানুষ ছিলেন তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তবে তুষারের নীচে আরও ১২০টি মৃতদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা উদ্ধব ভট্টরাই রোববার টেলিফোনে জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এর আগে গ্রামটিতে যেতে পারেননি তারা।

২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৭ হাজার ২৭৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সরকার। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৩শ জন।

জেআই