নিউইয়র্কের একটি বাঙ্গালী অধ্যুষিত মসজিদের সামনে ওই মসজিদেরই ইমাম-সহ দু'জন নিহত হওয়ার পর মুসল্লিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ইমাম আলাউদ্দিন আকুনজি (৬৫) এবং তার সাথে থাকা অপর মুসল্লি তারা মিয়াকে গত শনিবার জোহরের নামাজ পড়ে ফেরার সময় গুলি করে হত্যার ঘটনাকে স্থানীয় বাঙালী সম্প্রদায় ‘হেট ক্রাইম’ বলে বর্ণনা করে।

এদিকে পুলিশ বলছে, যেহেতু হত্যার মোটিভ জানা যায়নি এখনো এবং হত্যাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি, ফলে এটি ‘হেট ক্রাইম’ কিনা সেটা এখনই বলে ফেলা যাবে না।

নিউইয়র্ক থেকে বিবিসি সংবাদদাতা জানান, বাংলাদেশীদের পরিচালিত যতগুলো মসজিদ রয়েছে তার প্রায় সবগুলোর পক্ষ থেকেই নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রতি টহল পুলিশের সংখ্যা বৃদ্ধি করার জন্য আবেদন জানানো হয়েছে।

বিশেষ করে নামাজের সময় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াত পথেও যাতে পুলিশের নজরদারী থাকে সেই আবেদনও তারা জানিয়েছেন।

আলাউদ্দিন আকুনজি ও তারা মিয়ার লাশ ময়নাতদন্ত শেষ হওয়ার পর সোমবার নিউইয়র্ক সময় বেলা ১১টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওইদিন বেলা ২টার দিকে কুইন্সের ওযোন পার্কে আল-ফুরকান জামে মসজিদ প্রাঙ্গণেই তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে ইমাম আলাউদ্দিন আকুনজির লাশ দাফনের জন্য বাংলাদেশে পাঠানো হবে।

তারা মিয়াকে যুক্তরাষ্ট্রেই দাফন করা হবে।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আসছে বুধবার নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আল-ফুরকান মসজিদের সামনে একটি বড়সড় বিক্ষোভ সমাবেশ করবে বলেও জানিয়েছে।

এমবি