ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফরি বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে চীন। ফাইনান্সিয়াল টাইমস পত্রিকাকে তিনি এ কথা জানিয়েছেন। জাফরি বলেন, আইএস’র বিরুদ্ধে বিমান হামলার প্রস্তাবও দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অবশ্য মার্কিন নেতৃত্বাধীন জোটে চীন যোগ দেবে না বলে একই সঙ্গে জানিয়ে দেয়া হয়েছে।

চীন সমরাস্ত্র বিক্রি করলেও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করেছে বেইজিং। কিন্তু জাফরিকে দেয়া প্রস্তাব থেকে মনে হচ্ছে এ নীতি থেকে সরে আসছে দেশটি।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। অবশ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লি বলেন, সেনাদের প্রশিক্ষণ দেয়ার এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে ইরাকের সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেছে চীন। অবশ্য বিমান সহায়তা দেয়ার বা ইরাকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন তিনি।

এমএ