যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম কলম্বিয়ার রাষ্ট্রপতি ইভান ডুকে মারকুয়েজের কাছে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
কলম্বিয়ার রাজধানী বোগোটায় রাষ্ট্রপতি ভবনে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে শহিদুল ইসলাম তাঁর পরিচয়পত্র পেশ করেন। খবর ইউএনবি’র।
কলম্বিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠককালে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।
বাংলাদেশ ও কলম্বিয়ার মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে শহিদুল ইসলাম বলেন, উভয় দেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার, টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০, জলবায়ু পরিবর্তনসহ অনেক আন্তর্জাতিক ইস্যুতে অভিন্ন মত পোষণ করে।
বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার জন্য দু’দেশের সহযোগিতা বৃ্দ্ধির সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে নিরবচ্ছিন্নভাবে সমর্থন প্রদান করার জন্য কলম্বিয়ার সরকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি মারকুয়েজ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি ক্লাইমেট ভালনারেবল ফাইন্যান্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নিতে সম্মতি জ্ঞাপন করেন। ভার্চুয়াল প্ল্যাটটফর্মে আগামী ৮ জুলাই অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবে বাংলাদেশ।
এমবি





