ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ইসলামের নামে রক্তপাত লজ্জাজনক।

গতকাল রোববার সন্দেহভাজন জঙ্গি হামলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় মেহবুবা এ কথা বলেন।

গত শনিবার রাজ্যের পামপোরে সিআরপিএফের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এতে বাহিনীর আট সদস্য নিহত হন। আহত হন ২৫ জন। হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করা হচ্ছে।

সিআরপিএফের সদর দপ্তরে মেহবুবা বলেন, ইসলামের নামে কেউ কীভাবে এমন লজ্জাজনক রক্তপাত করতে পারে, তা আমি বুঝতে পারি না। তাও আবার পবিত্র রমজান মাসে।

মেহবুবা বলেন, এসব (জঙ্গি হামলা) করে কিছুই অর্জন করা যাবে না। হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইসলামাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা প্রথমে গুলি করব না। কিন্তু পাকিস্তান যদি গুলি করে, তাহলে আমাদের গুলির কোনো হিসাব থাকবে না।’

সূত্র:শীর্ষ নিউজ