করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক কংগ্রেস নেতা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর সাংসদ রাহুল গান্ধীর করোনা রিপোর্টও পজিটিভ এল।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে টুইটারে নিজেই সে কথা জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। রাহুলের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খরব হিন্দুস্তান টাইমস’র।

রাহুল বলেন, “মুদৃ উপসর্গ দেখা দেওয়ার পর করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। তাতে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।”

কিছুক্ষণ পরে রাহুলের আরোগ্য কামনা করেন মোদী। তিনি বলেন, “লোকসভার সাংসদ শ্রী রাহুল গান্ধীজির সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করছি।”

সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য ভোটপ্রচার চালাচ্ছিলেন রাহুল। চার রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর বাংলায় দুটি জনসভা করেন। কিন্তু উর্ধ্বমুখী করোনাভাইরাস সংক্রমণের জেরে বাকি জনসভা বাতিলের সিদ্ধান্ত নেন। টুইটারে বলেন, “করোনাভাইরাস পরিস্থিতির জন্য আমি পশ্চিমবঙ্গে যাবতীয় জনসভা বাতিল করছি। বর্তমান পরিস্থিতিতে বড় জনসভা করলে তার পরিণতি কী হতে পারে, সে বিষয়ে ভাবার জন্য আমি সব রাজনৈতিক নেতাদের গভীরভাবে ভেবে দেখতে বলব।”

রাহুলের পথে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জনসভায় কাটছাঁট করেন। নরেন্দ্র মোদীর জনসভা বাতিল না হলেও উপস্থিতির সংখ্যা ৫০০-র নীচে বেঁধে রাখার পথে হেঁটেছে বিজেপি।

রাহুল ছাড়াও কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। সোমবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে মনমোহন সিংয়ের। আপাতত দিল্লির এইমসে ভরতি আছেন তিনি।

মঙ্গলবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, “ডঃ মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছি। এইমসে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেছি। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর যাবতীয় শুশ্রুষার ব্যবস্থা করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

এমবি