পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারে তার জামান পার্কের বাড়ি ঘেরাও করেছে লাহোর পুলিশ। তবে সমর্থকদের বাধার মুখে এখনো বাড়িটিতে ঢুকতে পারেনি তারা। বাড়িতে ঢোকার চেষ্টা করলে পিটিআই কর্মীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষও হয়েছে পুলিশের। জলকামান ব্যবহারের পরেও পিটিআই চেয়ারম্যানের বাড়ির সর্বোচ্চ ৯০ মিটার কাছে পৌঁছাতে পেরেছে পুলিশ।

এ অবস্থায় ইমরান খান সব কর্মী-সমর্থককে রাস্তায় নেমে আসার আহ্বান জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ইমরান খান সমর্থকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইসলামাবাদ পুলিশের ডিআইজি আহত হয় বলে জানায় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন।

তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে ইমরান খানকে গ্রেফতার করতে গেছে পুলিশ। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই তার গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়নি।

ইমরান খানকে গ্রেফতারের জন্য ইসলামাবাদ পুলিশের একটি দল সোমবার থেকেই লাহোরে রয়েছে। তবে পিটিআই চেয়ারম্যানের গ্রেফতার ঠেকাতে তার বাড়ি ঘিরে রাখে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এ অবস্থায় জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

এইচএম