গবেষণাগারের পরীক্ষায় এবার ফেল করল বহুল প্রচলিত সাবান ডেটল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-র পরীক্ষায় ডেটল ছাড়াও ফেল করেছে আরও ১০ টি ওষুধ। এফডিএ বলেছে, ডেটল সাবান নিম্ন মানের।

আগ্রার ড্রাগ ইন্সপেক্টরকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, সংগৃহীত নমুনায় ডেটল সাবানের মোড়কে ওজন লেখা রয়েছে ১২৫ গ্রাম। কিন্তু বাস্তবে ওজন ১১৭.০৪৭০ গ্রাম।

এদিকে, সাবান প্রস্তুতকারী কোম্পানি আরবি জানিয়েছে, তারা ডেটল সাবানের কম ওজনের বিষয়টি নিয়ে তদন্ত করবে। এব্যাপারে উত্তরপ্রদেশের এফডিএ-র সঙ্গে সবধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে আরবি।

কোম্পানির আরও দাবি, সাবানের মান নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। অভিযোগ উঠেছে ওজন নিয়ে। কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, এ ব্যাপারে এফডিএ-র সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করবে।

তিনি বলেছেন, প্যাকেটবন্দী পণ্য সংক্রান্ত নির্দেশিকা অনুসারে, মোড়কে যে ওজন দেওয়া থাকে তা প্যাকেজিং করার সময় নেওয়া হয়। কিন্তু পরিবহণের সময় সাবানের জলীয় অংশ শুকিয়ে যায়। তাই ওজন কম হয়ে যেতে পারে। সূত্র: এপিবি আনন্দ

ইআর