ইরানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন নিখোঁজ রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
রোববার (২৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা বন্যায় অন্তত ২২ জনের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার পূর্বের ইস্তাহবান শহরে জরুরি বিভাগের ১৫০ কর্মী সেখানে কাজ করছেন।
ইস্তাহবানের মেয়র ইউসেফ কারগারের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়।
তিনি আরও বলেন, বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে এবং আরও ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ফারস প্রদেশের গভর্নর রোববার শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, আকস্মিক এই বন্যায় বহু গাড়ি পানির মধ্যে আটকা পড়েছে এবং অনেক গাড়ি পানিতে ভেসে যাচ্ছে। এসময় সেসব যানবাহন থেকে মানুষকে উদ্ধারের চেষ্টা করতে দেখা যায়।
প্রসঙ্গত, ইরান গত এক দশকে বারবার খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কয়েক বছর ধরে নিয়মিত আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হচ্ছে। ২০১৯ সালে ভয়াবহ বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়। সে সময় প্রায় ২০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিএস





