ইরানের পরমাণু চুক্তির চূড়ান্ত সময়সীমা আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার পারমাণবিক চুক্তির ডেডলাইন থাকলেও ইরান ও ছয় শক্তি কোন মতৈক্যে পৌঁছাতে না পারায় সময়সীমা বাড়ানো হলো। সোমবার ভিয়েনায় ইরান ও ছয় শক্তির বৈঠকে এ নতুন সিদ্ধান্ত হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
পরবর্তী বৈঠকের স্থান ভিয়েনা অথবা ওমান হতে পারে বলে সূত্র অনুযায়ী জানা গেছে। তবে, এ ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায় নি।
এই সময়ের মধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে।
আলোচনার সঙ্গে যুক্ত একজন কূটনীতিক জানিয়েছেন, বেশ কয়েকটি বিষয়ে দুই পক্ষের মধ্যে অগ্রগতি হয়েছে। তবে, কয়েকটি ইস্যু নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। এই বছরের মধ্যেই আরেকবার বৈঠকে বসা হতে পারে বলেও তিনি জানান।
এই চুক্তির মাধ্যমে ইরান একটি পরমাণু চুক্তিতে পৌঁছাবে। আর ইরানের উপর থেকে তুলে নেয়া হবে সব ধরনের নিষেধাজ্ঞা। এর ফলে, ইরানের উপর আরোপিত দশকের পর দশক ধরে চলা নিষেধাজ্ঞা উঠে যাবে। ফলে, বহির্বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ হবে আরও গতিশীল এবং মসৃণ।
এদিকে, ইরানের সঙ্গে পশ্চিমা ছয় শক্তির এ আলোচনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যব্ক্ষেণ করছে ইরানের দুই আঞ্চলিক শত্রু ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুটির আশঙ্কা, ইরানের সঙ্গে একটি দুর্বল পরমাণু চুক্তি দেশটিকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে সহায়তা করবে। আবার, চুক্তি স্বাক্ষরিত না হলেও ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোবে বলেও আশঙ্কা করে ইসরায়েল।
উল্লেখ্য, ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় যুক্ত ছয় শক্তি হচ্ছে- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন।
এমএ





