সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর হাজাকেহতে সোমবার দুটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাজ্যভিত্তিক একটি সংস্থা জানিয়েছে, কুর্দি নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে একটি হামলা চালানো হয়। তবে সেখানে হতাহতের সংখ্যা জানা যায়নি।
রাষ্ট্রীয় টেলিভিশনের এক ফুটেজে দেখা যায়, হামলায় বেশ কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর অনুসন্ধান চালাচ্ছে। সেখানে আরো মৃতদেহ থাকতে পারে।
শহরটির অধিকাংশ এলাকা সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকলেও জঙ্গিগোষ্ঠী ইসলামী স্টেটের (আইএস) যোদ্ধারা শহরটি দখল নিতে বারবার হামলা চালিয়ে আসছে।
গত জুনে জাতিসংঘের এক হিসাবে বলা হয়েছে, আইএসের হামলার পর থেকে হাজাকেহ শহরের ৫০ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। আরো ১০ হাজার তুরস্কের উত্তর সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে।
চার বছর ধরে চলা এ গৃহযুদ্ধে দুই লাখ সিরীয় নাগরিকের প্রাণহানি হয়। এক কোটি ১০ লাখ নাগরিক তাদের ঘরবাড়ি হারিয়েছে। তথ্যসূত্র : বিবিসি।
কেএইচ





