চীনের মহাপ্রাচীরের নাম শোনেনি এমন লোক খুব কমই আছে। পাথর ও মাটির তৈরী ওই ঐতিহাসিক প্রাচীরের পর এবার দেশটি সমুদ্রের বুকে বালুর মহাপ্রাচীর তৈরী করতে যাচ্ছে!

নান্দনিক সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে নয়, সমুদ্রঞ্চল দখলে প্রাচীরের আদলে বালু দিয়ে দ্বীপ তৈরী করছে দেশটি। খবর বিবিসির।

ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ চীন সমুদ্র থেকে কয়েকটি ছবি তোলে। গত ১৫ মে প্রকাশ করা ছবিগুলোতে দেখা গেছে, বিতর্কিত সমুদ্রাঞ্চলে বালু ফেলে দ্বীপ তৈরী করছে চীন।

একটি চীনা জাহাজ থেকে জনসন রিফ নামক এলাকায় বালু ফেলতে দেখা গেছে। ওই অঞ্চলটি ফিলিপাইনীয়দের কাছে ‘মাবিনি’ ও চীনাদের কাছে ‘চিগুয়া’ নামে পরিচিত।

মার্কিন মহাসগরীয় পদাতিক বাহনীর কমান্ডার এ্যাডমিরাল হ্যারি হ্যারিস গত মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ায় দেওয়া এক বক্তব্যে চীনের এ আচরণের নিন্দা জানিয়েছেন। তিনি এটাকে ‘বালুর মহাপ্রাচীর’ বলে উল্লেখ করেছেন।

উদ্দেশ্যমূলকভাবে চীন এটা করছে বলে উল্লেখ করেছেন হ্যারিস।

তবে চীনের পক্ষ থেকে এ সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছে, দ্বীপটিকে মানুষের বসবাসের উপযোগী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চীন সাগরের ওই অঞ্চলের দ্বীপগুলো নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন ও তাইওয়ানের বিরোধ রয়েছে।

ইআর