পবিত্র ঈদ-উল-ফিতর সোমবার পালিত হচ্ছে সৌদি আরব, আরব আমিরাত, ইরাক, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আমেরিকা-কানাডাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আর সেসব দেশে অবস্থানরত প্রবাসী মুসলিম ধর্মালম্বীদের মধ্যে বইছে ঈদ আনন্দ। আনন্দ উৎসবে কমতি নেই ওইসব দেশে অবস্থানরত বাংলাদেশিদেরও।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আর এই সময়টাতে তারা বিভিন্নভাবে উপভোগ করছেন। ঈদের দিন সকালে একসঙ্গে মসজিদে নামাজ আদায়, বিকেলে কোনো দর্শনীয় স্থান ঘুরতে যাওয়াসহ নানা পরিকল্পনা তাদের।
বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। মালয়েশিয়ার কিলাংয়ের পাপান চোপ ইয়েপ ইয়েন নামক স্থানে থাকেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আব্দুল মোমিন হাসু। তিনি পেংকেলান সিম্পাং পুলাইয়ে একটি কোম্পানিতে কাজ করেন।
তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কোম্পানি আমাদের এক সপ্তাহের ছুটি দিয়েছে। আমরা একটি বাসায় ৪০জন বাংলাদেশি থাকি। আমরা মালয়েশিয়ার পৃথক ৩টি কোম্পানিতে কাজ করি। ঈদ উপলক্ষে আগের দিন রবিবার ৪ হাজার রিঙ্গিট (বাংলাদেশি টাকায় এক লাখের বেশি টাকা) দিয়ে একটি গরু কিনেছি। সবাই মিলে এই গরু কেটেছি। ঈদের দিন সকালে গরুর মাংস রান্না হবে। সবাই মিলে এক সঙ্গে খাব। একসঙ্গে পাশের মসজিদে ঈদের নামাজ আদায় করবো। বিকেল সবাই মিলে ঘুরতে যাবো।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের শাহ আলমে থাকেন সিরাজগঞ্জের পূর্বদেলুয়া গ্রামের আল আমিন হোসেন। আল আমিন ফ্লামিংগো ইন্টারন্যাশনাল কলেজ পড়াশুনা করেন।
তিনি বলেন, আমরা একটি মেসে ৭ জন থাকি। এর মধ্যে ৫ জনই ছাত্র। ঈদ উপলক্ষে গরুর মাংস ও সেমাই কিনেছি। সকালে উঠে আমরা গরুর মাংস দিয়ে সাদা ভাত খাব। এছাড়া সেমাই রান্না হবে। মসজিদে নামাজ আদায় করে বাসায় খেয়ে যাব টুইন টাওয়ারে ঘুরতে।
তবে, ঈদেও ছুটি পাননি দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মী মাহমুদুল হাসান বলেন, কোরিয়া কাজের দেশ-এখানে ঈদের দিনেও ছুটি নেই। তবে, ২-৩ ঘণ্টা ছুটি নেওয়া যাবে।
ইরাকের অধিকাংশ বাংলাদেশিই ঈদের ছুটি পাননি বলে জানা গেছে, তবে তারা যে যার মতো করে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন।
ঢাকা,২৮ জুলাই,টাইমনিউজবিডি.কম,কেএ





