ফ্রান্সের প্যারিসে আত্মঘাতী বোমা হামলায় দায় স্বীকার করেছে আইএস। শনিবার এক ভিডিও বার্তায় আইএস এই দায় স্বীকার করে। খবর আলজাজিরা।

আইএসের বিবৃতিতে বলা হয়, 'আমাদের আট ভাই বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র নিয়ে ক্রসেডার ফ্রান্সে সফল এ হামলা চালায়।'

আরবি ও ফরাসি ভাষায় প্রকাশিত বিবৃতিতে 'ফ্রান্সের ক্রসেড অভিযান চলতে থাকলে' দেশটিতে আরও হামলা চালানো হবে বলে হুমকিও দেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার প্যারিসের হামলার জন্য জাতীয় স্টেডিয়াম ও বাটাক্লাঁ হলটিকে 'সতর্কভাবে নির্বাচন' করা হয়েছিল।

ইসলামিক স্টেটের খেলাফতে মুসলমানদের ওপর বিমান হামলা চালানোয় ফ্রান্স 'দোষী' বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে গত বছর আইএস সেখানে খেলাফত ঘোষণা করে। সেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী যে বিমান হামলা চালিয়ে আসছে তাতে ফ্রান্সও অংশীদার।

ফ্রান্সে গত এক বছরেরও বেশি সময় ধরে ইরাকে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। গত সেপ্টেম্বর থেকে সিরিয়াতেও আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ফ্রান্স।

প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্তত ছয়টি স্থানে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের বোমা হামলা ও গুলিতে অন্তত ১৫৩ জন নিহত এবং আরও কয়েকশ' মানুষ আহত হয়।

এ ঘটনায় ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

এছাড়া এ হামলার জন্য আইএসকে দায়ী করে বিবৃতিও দিয়েছেন ওলাঁদ, যেখানে তিনি বলেছেন, 'এটা ফ্রান্সের বিরুদ্ধে আইএস সন্ত্রাসীদের যুদ্ধ।'

এআই