শ্রীলংকার মুসলিমদের উপর উগ্রবাদী বৌদ্ধদের হামলার আশংকা করা হচ্ছে। হামলার আশংকায় শুক্রবার মুসলিম আইন প্রণেতারা প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের কাছে নিরাপত্তার আহ্বান জানিয়েছেন।
দেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সাম্প্রদায়িক হামলার প্রেক্ষিতে এ আশংকা করা হচ্ছে।
শ্রীলংকার মুসলমানদের সংগঠন 'মুসলিম কাউন্সিল' জানিয়েছে, দেশের মোট ১৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৬ জনই প্রেসিডেন্টকে হস্তক্ষেপের মাধ্যমে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। সংসদ সদস্যরা প্রেসিডেন্টের কাছে এক যৌথ পত্রে বলেছেন, মুসলিম সংসদ সদস্যরা কিছু উগ্রবাদী বৌদ্ধদের পরিচালিত অব্যাহত ঘৃণাত্মক প্রচারণা, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকির বিষয়টিতে আপনার সদয় মনোযোগ আকর্ষণ করতে চায়।
শ্রীলংকায় সাম্প্রতিককালে বিভিন্ন গির্জা ও মসজিদে বৌদ্ধ ভিক্ষুদের হামলার ঘটনা তদন্তে পুলিশ সোমবার একটি নতুন ইউনিট গঠনের পর প্রেসিডেন্টের কাছে এ চিঠি পাঠানো হলো।
জাতীয়তাবাদী বৌদ্ধ সংগঠনগুলো অভিযোগ করেছে যে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াদির ওপর অন্যায় প্রভাব বিস্তার করছে।
ইউটিউবে পোস্ট করা কিছু ভিডিও থেকে দেখা যায় বৌদ্ধ ভিক্ষুরা জানুয়ারি মাসে গির্জা ও মসজিদে হামলা চালাচ্ছে। আর পুলিশ দর্শকের মতো তাকিয়ে দেখছে।
শ্রীলংকার দুই কোটি জনসংখ্যার ৭০ শতাংশ বৌদ্ধ। মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। তারা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।
প্রেসিডেন্ট রাজাপক্ষে জানুয়ারিতে ধর্মীয় সহিংসতা উস্কে না দেয়ার জন্য বৌদ্ধ ভিক্ষুদের হুঁশিয়ার করে দেন।
তবে গত বছর ধর্মীয় উগ্রবাদ বিরোধী একটি বিক্ষোভ পুলিশ ভন্ডুল করে দেয়ায় বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে গোপনে সহিংসতায় মদদ দেয়ার অভিযোগ করেছে। সূত্র: বাসস
[b]ঢাকা, ০২ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]