মিশরের কায়রোয় পুলিশের সঙ্গে সরকারবিরোধীদের সংঘর্ষে অন্তত ২ জন নিহতসহ আরও অনেকে আহত হয়েছে।
বুধবার দেশটির গিজা প্রদেশের নাহিয়ায় রাস্তা দখলে নিয়ে সমাবেশ করতে গেলে পুলিশি হামলা ও কয়েকজনকে আটকের পর সেটা সংঘর্ষে রূপ নেয়। তখন আল আজহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়।
এদিকে মিশরীয় সেনাবাহিনীর সাবেক প্রধান আবদেল ফাত্তাহ আল সিসি সরকারের বিরুদ্ধে শুক্রবার 'ব্যারাকে ফিরে যাও' শ্লোগানে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের জুলাইয়ে নাটকীয়ভাবে নির্বাচিত মিশরের প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসি সেনা বিদ্রোহে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বোমা হামলা ও সশস্ত্র হামলা স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে।
সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর নির্দয় আক্রমণের জন্য মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক চাপে রয়েছে মিশরের ক্ষমতাসীন সরকার।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেনা অভ্যুত্থানের মাধ্যমে সিসি ক্ষমতায় আসার পর ১৪শ' মুরসি সমর্থক নিহতসহ ২২ হাজার সমর্থককে আটক করা হয়েছে। এছাড়া ২শ' জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
এআর/কেএইচ





