চীনের একজন পদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির দায়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
লেঃ জেনারেল কু জুনশানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল তসরুফ, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহারসহ আরো বহু দুর্নীতির দায়ে ওই অভিযোগ গঠিত হয়েছে বলে বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে।
দুই বছরেরও বেশি সময় আগে কু’কে সামরিক রসদ ও সরঞ্জাম বিভাগের উপ-পরিচালকের পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর থেকেই তার বিরুদ্ধে তদন্ত চলে আসছিল। জেনারেল কু ২৩ লাখ সেনা সংগ্রহ ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
তদন্তকারীরা গত বছর কু’র বাসা থেকে চার ট্রাক মালামাল উদ্ধার করে। এসবের মধ্যে একটি সোনার নৌকা, একটি স্বর্ণের ব্যাসিন এবং মাও সেতুং এর একটি সোনার মূর্তিও ছিল। এসবের বাইরে চীনের রাজধানী বেইজিং শহরে তার কয়েকটি অ্যাপার্টমেন্টেরও হদিস পাওয়া গেছে।
এ অভিযোগ গঠনের ফলে কু জুনশান দুর্নীতির দায়ে অভিযুক্ত সর্বোচ্চ পদের চীনা সামরিক কর্মকর্তায় পরিণত হলেন। এর আগে ২০০৬ সালে চীনের নৌবাহিনীর উপ-প্রধান ও ভাইস অ্যাডমিরাল ওয়াং শুয়িও দুর্নীতির দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন। তার বিরুদ্ধে অবৈধভাবে দুই কোটি ৫০ লাখ ডলারের সমপরিমান অর্থ উপার্জনের অভিযোগ প্রমাণিত হয়েছিল।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) //  টিআই[/b]