মালয়েশিয়ায় আবারও একটি গণকবরের সন্ধান মিলেছে। ওই কবর থেকে ২৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার পুলিশ জানিয়েছে, থাই সীমান্তে মালয়েশিয়ার গহীন জঙ্গলে শনিবার এ গণকবরের সন্ধান পাওয়া গেছে। খবর রয়টার্সের।
থাই-মালয় সীমান্তের ওই ঘনজঙ্গল মানবপাচারকারীদের গোপন ‘বন্দীশিবির’ বলে পরিচিত। পাচারকারী চক্রের সাহায্যে ওই পথে পাড়ি জমায় মিয়ানমার ও বাংলাদেশের মানুষ।
ওই শিবিরগুলোয় অভিবাসন প্রত্যাশীদের আটকে রেখে মুক্তিপণ দাবি করে থাকে পাচারকারীরা। যারা মুক্তিপণ দিতে পারেন না, তাদের ভাগ্যে জুটে নির্মম পরিণতি। জঙ্গলের ভেতর তাদের হত্যা করে গণকবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, থাই সীমান্তে বুকিট ওয়াং এলাকায় ২৪ জনের দেহাবশেষ পাওয়া গেছে। ওই অঞ্চলের খুব কাছেই ‘অবৈধ আটক কেন্দ্রে’ গত মে মাসে কয়েক শ’ মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছিল।
পুলিশ বলেছে, ‘অভিযানে পাওয়া ২৪ জনের দেহাবশেষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তবে নিহত ওই ২৪ জন কি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম, নাকি বাংলাদেশের মানুষ, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এএইচ





