মিউজিক ভিডিওর চলচ্চিত্রায়নের সময় যুক্তরাষ্ট্রে দুপক্ষের গোলাগুলিতে ১৬ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিউ অরলিন্স পার্কের এ ঘটনায় কেউ নিহত হননি বলে জানিয়েছেন শহরটির পুলিশ বিভাগের মুখপাত্র টাইলার গ্যাম্বল।
পার্কে গোলাগুলির শুরু হলে পরে তা স্থানীয় নয় নম্বর ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। তবে কী কারণে গোলাগুলি শুরু হল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোলাগুলির সঙ্গে কোনো অপরাধীচক্র জড়িত কিনা প্রশ্নের উত্তরে গ্যাম্বেল বলেন, “এখনই কিছু বলা যাচ্ছে না। আহতদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সেখানে দুটি পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করছিল।”
আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারনেনি গ্যাম্বল।
তিনি জানান, পার্কে একটি ‘ব্লক পার্টির’ আয়োজন করা হয়েছিল, সেখানে প্রায় ২০০ লোক উপস্থিত হয়েছিল। এ সময় একটি মিউজিক ভিডিও ধারণ করা হচ্ছিল, এখান থেকেই গোলাগুলি শুরু হয়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, এক ব্যক্তিকে রুপালি রঙয়ের একটি মেশিগান হাতে দেখেছেন তারা। দৌঁড়ে পালানোর সময় ভিড়ের ভিতর থেকে আরো গুলির শব্দ শুনেন তিনি। গুলি থেকে বাঁচতে অনেকে ফুটপাতে শুয়ে পড়েন।
গোলাগুলির পর পার্কের পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ আছে বলে জানিয়েছেন নিউ অরলিন্সের পুলিশ কমান্ডার ক্রিস গুডলেই।
ঘটনাস্থলে কেউ নিহত হননি বলে জানিয়েছেন নিউ অরলিন্সের পুলিশ সুপার মাইকেল হ্যারিসন।
এমআর





