ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার সৌদি নেতৃাত্বধীন জোটকে অভিযুক্ত করেছে। দেশটির বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালানোর সময় তারা এ বোমা ব্যবহার করে।


অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে বলা হয়, শিয়া হুতি বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের তিনটি আবাসিক এলাকা ও কৃষি জমিতে গত ১৫ ফেব্রুয়ারি চালানো এক হামলায় এসব ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়। বোমাগুলো ছিল ব্রাজিলের তৈরি।

অ্যামনেস্টি জানায়, ওই হামলায় দু’জন আহত হয়। এছাড়াও ২০১৫ সালের অক্টোবরে এবং গত বছরের মে মাসেও জোটটি তাদের অভিযানে ক্লাস্টার বোমা ব্যবহার করে বলে জানা যায়। অ্যামনেস্টির বৈরুত আঞ্চলিক দপ্তরের গবেষণা বিষয়ক পরিচালক লিন মালুফ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী জোটের ক্লাস্টার বোমার ব্যবহার সম্পূর্ণ অযৌক্তিক।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে ইয়েমেন সরকারের পক্ষে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপের পর থেকে দেশটিতে ৭ হাজার ৪শ’রও বেশী লোক নিহত ও ৪০ হাজার লোক আহত হয়। এএফপি।
জেড