রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের মন্ত্রী বরিস জনসন ২ দিনের সফরে আজ ঢাকায় আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়াও তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনের লক্ষ্যে কক্সবাজার সফর করবেন। এরপর বরিস জনসন মিয়ানমার সফরে যাবেন। ঢাকায় কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, শুক্রবার (আজ) বিকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকায় পৌঁছবেন। এসেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পৃথক বৈঠক করবেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন শনিবার কক্সবাজার থেকে মিয়ানমার সফরে যাবেন। সেখানে তিনি মিয়ানমারের নেতাদের সঙ্গে রোহিঙ্গা সংকট তথা রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার বিষয় নিয়ে আলোচনা করবেন।
ঢাকার কর্মকর্তারা জানান, বাংলাদেশ সব সময়েই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায়। এ লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে অনুরোধ জানাবে বাংলাদেশ।
এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে জানতে চাওয়া হয় বরিস জনসন কেন বাংলাদেশে আসছেন।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেন আসছেন সেটা তিনি আসার পর জানতে পারব। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। কিছুদিন আগে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে প্রস্তাব উত্থাপন করেছিল।’
এমআর





