যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ বিভাগের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করবে দেশটির বিচার বিভাগ।

কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার দুই অজ্ঞাত পরিচয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইংরেজি দৈনিক ওয়াশিংটন পোস্টের খবরে বুধবার বলা হয়, অ্যাটর্নী জেনারেল এরিক হোল্ডারের সংস্থা তদন্ত করে দেখবে ফার্গুসনে পুলিশ বিভাগ কোন নাগরিক অধিকার লংঘন করেছে কিনা।

গত ৯ আগস্ট শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন (১৮) নিহত হয়। ওই পুলিশ কর্মকর্তা ব্রাউনকে লক্ষ্য করে কমপক্ষে ছয়টি গুলি করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিক্ষোভে ফেটে পড়ে। কয়েকদিন ধরে বিক্ষোভ চলে এবং পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষ হয়। এরপর দেশটিতে বর্ণবাদ এবং বিক্ষোভকারীদের সামলাতে পুলিশের কৌশল নিয়ে নতুন করে বিতর্ক দেখা দেয়।

খবরে বলা হয়, বিচার বিভাগের প্রতিবেদন বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ