মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে একটি নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। গোলাগুলির সময় নাইটক্লাবটিতে কমপক্ষে ৩০ জন ছিলেন।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় দোষীদের খোঁজে শহরে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে হামলা চালানো হয়।
হিউস্টন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জনসন জানিয়েছেন, নাইটক্লাবে গোলাগুলিতে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশের ধারণা, কমপক্ষে দুজন বন্দুকধারী হামলা চালিয়েছে। তবে হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

হামলার সময় ওই নাইটক্লাবে থাকা কেড ট্রামেল নামের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানান, তিনি ও তার বন্ধু প্রাণ হাতে করে নাইটক্লাব থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত ৭ থেকে ১০ বার গুলির শব্দ শুনেছেন।

যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বন্দুক হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। এর আগে ২০১৭ সালের নভেম্বরে টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংয়ের একটি গির্জায় বন্দুক হামলায় ২৬ জন নিহত হয়।

এমবি