সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীদের দখলে থাকা একটি বিমানঘাঁটি পুনর্দখল করেছে সিরিয়ার সরকারি বাহিনী।

সোমবার মার্জ আল সুলতান নামের ওই ঘাঁটিটি পুনর্দখল করে বাশার বাহিনী।
দামেস্কের আশপাশে অবস্থিত ঘৌটা কৃষি বেল্টের অন্তর্গত মার্জ আল সুলতান বিমানঘাঁটিটি ২০১২ সালের নভেম্বরে বিদ্রোহীরা দখল করে নেয়। তিন বছর পর ঘাঁটিটির পুনর্দখল সরকারি বাহিনীর অনেক বড় অর্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, প্রায় এক মাস আগে সরকারি বাহিনী মার্জ আল সুলতান ঘাঁটি পুনর্দখলে অভিযান চালানো শুরু করেছিল।

লেবাননের হিজবুল্লাহ মুভমেন্টে এই অভিযানে সরকারি বাহিনীকে মদদ দিচ্ছিল। সোমবার ঘাঁটিটি দখলের পর সরকারি বাহিনী এর সঙ্গে লাগোয়া শহরটির নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে।

প্রসঙ্গত, এর আগে রোববার বিদ্রোহীদের দখলে থাকা দুমা, সাকবা, আরবিন ও হারসতা এলাকায় সরকারি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। সরকারি বাহিনীর সঙ্গে রাশিয়ার যুদ্ধবিমানও এই হামলায় যোগ দেয়র্।

এমএম