চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সফরে ১৪ অক্টোবর ঢাকায় আসছেন। এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে চীনের প্রেসিডেন্টের।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন, চীনের প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় চীনের দূতাবাস কাজ করে যাচ্ছে।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং মঙ্গলবার তার দেশের প্রেসিডেন্টের আগমন উপলক্ষে সফরসূচি নিয়ে আলোচনা করতে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াল অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, চীনের প্রেসিডেন্ট তার সফরে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে একটি টানেল নির্মাণ ও আনোয়ারায় চীনের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করতে পারেন। সে জন্য এ নিয়ে চলছে জোরেসোরে প্রস্তুতি।

তাছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতির বৈঠকে আলোচনায় আসবে পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ, সামুদ্রিক অর্থনীতি, সামরিকখাতে সহযোগিতা।

এ ছাড়াও এ সফরে দু’দেশের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তর, মংলাবন্দরে আধুনিকায়ন, সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত মেরিনড্রাইভ এক্সপ্রেসওয়ে, বড়পুকুরিয়ায় কয়লাখনির উৎপাদন ক্ষমতা বাড়ানোসহ বেশ কয়েকটি বিষয়ে চুক্তি হতে পারে।

এম এ