করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন টিভি, রেডিও সঞ্চালক কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং মারা গেছেন।
শনিবার (২৩ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন।
একটানা ২৫ বছর সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ টক শোটি চালিয়ে এসেছিলেন ল্যারি কিং। আর এর মধ্যদিয়ে বাংলাদেশসহ বিশ্বে ব্যাপক পরিচিত হয়ে ওঠেন তিনি।
সিএনএন জানিয়েছে, ল্যারি কিংয়ের ফেইসবুক পাতায় তার মৃত্যুর খবর জানানো হয়।
৬৩ বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে হাজার হাজার সাক্ষাৎকার তিনি নিয়েছিলেন। ‘সেলেব্রিটি’দের নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে ল্যারি কিং নিজেই ‘সেলেব্রিটি’ হয়ে ওঠেন।
১৯৭০ এর দশকে মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম নামক একটি বাণিজ্যিক বেতারে ‘দ্য ল্যারি কিং শোর মাধ্যমে তিনি প্রথম বিখ্যাত হয়ে ওঠেন। এরপর ১৯৮৫ থেকে ২০১০ পর্যন্ত সুদীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি সিএনএন টেলিভিশন চ্যানেলে ‘ল্যারি কিং লাইভ’ নামে টকশো’র উপস্থাপনা করেন। সেখানে অনেক বিখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন। এছাড়া ইউএসএ টুডে সংবাদপত্রে তিনি ২০ বছর ধরে কলাম লিখেছেন।
এমবি





