এবার সংখ্যালঘু মুসলিমদের কোটা সংরক্ষণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। আগামী বছরেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই বিভিন্ন দল এবং সংগঠন মুসলিমদের অধিকার সংরক্ষণ করার প্রতিশ্রুতি পালনের দাবিতে মাঠে নেমে পড়েছে।
ইতোমধ্যে, সরকারি চাকরিতে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পক্ষ থেকে ১৮ শতাংশ সংরক্ষণ করার দাবি পুনরাবৃত্তি করা হয়েছে।
মুসলিম লীগ উত্তর প্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির বিরুদ্ধে মুসলিমদের উপরে নির্যাতনের অভিযোগ তুলে বলা হয়, সরকার ন্যায্য অধিকার সংরক্ষণের পরিবর্তে তাদের উপরে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আরোপ করছে।
দলটির উত্তর প্রদেশের প্রেসিডেন্ট ডাঃ নাজমুল হাসান গনি সমাজবাদী পার্টি এবং বিজেপি’র সমালোচনা করে বলেন, দুটি দলই মুসলিমদের বিরুদ্ধে ভুল দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে। কালো টাকাসহ কয়েকটি ইস্যুতে এখন কেন্দ্রীয় সরকারকে পল্টি খেতে দেখা যাচ্ছে। অন্যদিকে, কারাগারে আটকে থাকা নিরপরাধ মুসলিমদের কারাগার থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি। সেই প্রতিশ্রুতি পূরণের কথা তারা ভুলে গেছে। শুধু তাই নয়, রাজ্যের ২৭ শতাংশ অন্যান্য অনগ্রসর মুসলিমদের বিভিন্ন কোটা সুবিধা সংরক্ষণ করার অঙ্গীকারের কথাও ভুলে গেছে সমাজবাদী পার্টি। অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) মুসলিমদের সংরক্ষণ করা না হলে এ নিয়ে আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন মুসলিম লিগের রাজ্য প্রেসিডেন্ট ডাঃ নাজমুল হাসান গনি।
অন্যদিকে, ‘রিহাই মঞ্চ’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে উত্তর প্রদেশ সরকারের উদ্দেশ্যে মুসলিমদের ১৮ শতাংশ সংরক্ষণ দেয়ার প্রতিশ্রুতি পালন, সন্ত্রাসবাদের নামে নিরীহ মুসলিমদের গ্রেফতার বন্ধ করা, সন্ত্রাসবাদের নামে গ্রেফতার হওয়ার পরে কারাগার থেকে মুক্ত হওয়া নিরাপরাধ মুসলিম যুবকদের পুনর্বাসন দেয়া, সাম্প্রদায়িক সহিংসতায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। রিহাই মঞ্চের পক্ষ থেকে এ নিয়ে আগামী ১৬ মার্চ লখনৌতে ‘জন বিকল্প মার্চ’-এর ডাক দেয়া হয়েছে। সব মিলিয়ে উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনের আগে রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টি সরকারের উপরে চাপ বাড়াচ্ছে বিভিন্ন সংগঠন এবং দল।
এমআইএস।





