গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত সেখানে সেনা রাখার কথা ব্যক্ত করেছে ইসরায়েল। মিসরের মধ্যস্ততায় কায়রোতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনায় এ কথা জানানো হয়। তবে ফিলিস্তিনের পক্ষ থেকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।
মঙ্গলবার এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, গাজা ইস্যুতে ইসরায়েল-ফিলিস্তিন কোনো পক্ষ এখনও সমাধানে আসতে পারেনি। এখনও অনেক দূরত্ব রয়েছে।
গাজায় ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির মধ্যে মিসরে আলোচনা দ্বিতীয় দিনে প্রবেশ করেছে।
এ দিন মিসরে অনুষ্ঠিত আলোচনা নিয়ে ইসরায়েলের নিরাপত্তা কেবিনেট সদস্যদের সঙ্গে বৈঠক অনুষ্ঠানের কথা ছিল দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। কিন্তু বিকালে তা বাতিল করা হয়েছে।
গত ৮ জুলাই থেকে ফিলিস্তিনের গাজায় ‘অপারেশন প্রটেক্টিভ এজ’নামে চালানো ইসরায়েলি একতরফা সেনা হামলায় এ পর্যন্ত ১৯৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সূত্র: এএফপি
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





