ভারতে মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের শাগরেদ ছোটা শাকিলের আক্ষেপ যাচ্ছে না। তার আফসোস বাগে পেয়েও মারা গেল না ছোটা রাজনকে।
পাকিস্তানে এখন গা-ঢাকা দিয়ে রয়েছে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদের ডানহাত গ্যাংস্টার ছোটা শাকিল।
একটি ভারতীয় ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে ছোটা শাকিল তার শত্রু ছোটা রাজনের গ্রেফতার হওয়ার ক্ষেত্রে নিজের কৃতিত্ব দাবি করেছে। কিন্তু ছোটা রাজনকে নিকেশ করতে না পারায় সে হতাশ।
সাক্ষাত্কারে ছোটা শাকিল বলেছে, গত সপ্তাহে তার দলবল ছোটা রাজনের আস্তানায় প্রায় পৌঁছে গিয়েছিল। সেজন্যই রাজন ইন্দোনেশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়।এজন্যই তাকে ধরা পড়তে হয়। রাজন গ্রেফতার হওয়ায় খুশি নয় ডি-কোম্পানি।
ছোটা শাকিল বলেছে, রাজনের সঙ্গে তাদের শত্রুতা এখানেই শেষ হওয়ার নয়। তারা রাজনকে খতম করতে চায়। তাকে ভারতে প্রত্যর্পণ করা হলেও হাত গুটিয়ে বসে থাকবে না ডি-কোম্পানি। রাজনকে খুন করার চেষ্টা তারা চালিয়ে যাবে।
উল্লেখ্য, দাউদের সঙ্গে রাজনের শত্রুতা দীর্ঘদিনের। মুম্বই-এর অপরাধ জগতে এক সময় দাউদের বিশ্বস্ত ছিল ছোটা রাজন। কিন্তু একটা সময় ডি কোম্পানি ছেড়ে বেরিয়ে যায় ছোটা রাজন।
তারপর থেকে আন্ডারওয়ার্ল্ডে মুখোমুখি দু’টি গ্যাং। একে অপরের শত্রু। কখনও দাউদের বিশ্বস্তকে খুন করিয়েছে রাজন। কখনও খোদ রাজনের উপরই হামলা করিয়েছে দাউদ।
২০০২-এ ব্যাঙ্ককে রাজনকে খুনের চেষ্টা করে ছোটা শাকিল। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। শাকিলের অভিযোগ, ছোটা রাজনকে তোল্লা দিচ্ছে ভারত সরকার। ডি-কোম্পানির বিরুদ্ধে ভারত রাজনের সাহায্য নিচ্ছে বলেও তার অভিযোগ।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার হয়েছে কুখ্যাত মাফিয়া ডন ছোটা রাজন।কয়েক দশক ধরে পলাতক থাকার পর অবশেষে ইন্দোনেশিয়ায় ধরা পড়ল দাউদ ইব্রাহিমের প্রাক্তন সহযোগী কুখ্যাত মাফিয়া ডন ছোটা রাজন।
রবিবার রাতে ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দর থেকে রাজেন্দ্র সদাশিব নিকালজি ওরফে ছোটা রাজনকে গ্রেফতার করে বালি পুলিশ। সূত্র: আনন্দ বাজার
এসএইচ





