ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে দেশটির পন্ট ভার্ট জেলার মারুয়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে।
ক্যামেরুনের উত্তরাঞ্চলের গভর্নর মিদজিয়াবা বাকারি বার্তা সংস্থা এপিকে বলেছেন, কর্তৃপক্ষ এখনও হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করার চেষ্টা করছে।
স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আত্মঘাতী হামলাকারী একজন নারী। তিনি হামলার সময় ওই এলাকায় উপস্থিত ছিলেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে নাইজেরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন বোকো হারাম সাধারণত ওই এলাকায় হামলা চালিয়ে থাকে বা এর আগের হামলাগুলোর দায় স্বীকার করেছে।
বুধবার দুই কিশোরী পৃথক দুটি আত্মঘাতি হামলায় অংশ নেয়। এতে ২০ জন নিহত ও ২২ জন আহত হয়।
কেএইচ





