পিয়ন পদে লোক নিতে গিয়ে বেশ বিপাকেই পড়েছে ভারতের ছত্তিশগড় রাজ্য প্রশাসন। মাত্র ৩০টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৭৫ হাজার! এর মধ্যে রয়েছেন অনেক বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট।
চা আনাসহ যাবতীয় ছোটখাটো কাজের জন্য পিয়ন পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ১৪ হাজার রুপি। এই পদের জন্যই আবেদন করেছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ম্যানেজমেন্টে পাস করা গ্রাজুয়েটরা।
অবস্থা বেগতিক দেখে নিয়োগ পরীক্ষাই বাতিল করে দিয়েছে ছত্তিশগড়ের ডিরেক্টরেট অব ইকোনমিকস এ্যান্ড স্টাটিসটিক্স বিভাগ। ডিরেক্টরেটের প্রধান অমিতাভ পান্ডা বলেছেন, অনলাইনে ৭০ হাজার ও ডাকের মাধ্যমে ৫ হাজার আবেদন জমা পড়েছে। এদের মধ্যে উচ্চশিক্ষিত অনেক আবেদনকারী রয়েছে।
তিনি বলেন, ‘আমরা ২ থেকে ৩ হাজার প্রার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছিলাম।’
ভারতে বর্তমানে বেকারত্ব সমস্যা বেশ প্রকট। দেশটিতে সরকারি চাকরি অনেকটা সোনার হরিণের মতো। সাম্প্রতিক এ ঘটনা বাস্তবতাকে আরও স্পষ্টভাবে দেখিয়ে দিল। তথ্যসূত্র : এএফপি।
এএইচ





