তিব্বতি বিতর্কিত বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার ভারতের অরুণাচল প্রদেশ সফর নিয়ে ভারত-চন দ্বিপক্ষীয় সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। চীনের মতে, অরুণাচল প্রদেশ বিতর্কিত এলাকা। সেখানে তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু দালাই লামাকে স্বাগত জানিয়ে ভারত মোটেই ভালো কাজ করেনি। এর ফল আগামী দিনে ভারতকে ভোগ করতে হবে বলে হঁশিয়ারি দিয়েছে চীন।
তবে গল্পের এখানেই শেষ নয়। দালাই লামার ভারতে স্বাগত জানানোকে কিছুতেই যেন মেনে নিতে পারছে না চীন। আর তাই রাগ ও হুমকির পালা চলছে। চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, ভারত দালাই লামাকে স্বাগত জানানোয় এবার অশান্ত কাশ্মিরেও হস্তক্ষেপ করবে চীন।
চীন বরাবর ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের একটি বড় অংশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। এবং চীন থেকে বিচ্ছিন্ন হয়ে তিব্বতের জন্য লড়াই চালানো দলাই লামাকে তাই মোটেই পছন্দ নয় বেজিংয়ের।
চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস একেবারে সরাসরি ভারতকে সমালোচনা করেছে। আর্থিক, সামরিক, কূটনৈতিকভাবে শক্তিশালী চীনের সঙ্গে কীভাবে ভারত পাল্লা দিচ্ছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে এই চীনা মুখপত্র।
চীন পাকিস্তান অধীকৃত কাশ্মির ও ভারতের লাদাখের সঙ্গে সীমান্ত ভাগ করেছে। এই অংশে পাকিস্তান ও চীনের মধ্যে গড়ে তোলা চীন-পাকিস্তান বাণিজ্যিক করিডোর যা অধীকৃত কাশ্মিরের মধ্য দিয়ে গেছে, তা নিয়ে ভারত-চীন দ্বন্দ্ব লেগেই রয়েছে।
চীনের বক্তব্য, দালাই লামাকে ব্যবহার করে ভারত কূটনৈতিক চাপ তৈরি করতে চাইছে। দালাই লামাকে দক্ষিণ তিব্বতে (অরুণাচল প্রদেশ) আপ্যায়ন করে ভারত তিব্বতকে ভাগ করতে চাইছে বলেও অভিযোগ করেছে চীন।
পাশাপাশি এও বলেছে যে, চীনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে ভারত উপকৃত হয়েছে। আর যদি সম্পর্ক খারাপ করে, এবং দুই দেশ একে অপরের শত্রু হয়ে যায় তাহলে তা ভারতের পক্ষে ভালো হবে কিনা তা ভেবে দেখতে বলেছে বেইজিং। এমনটা হলে কাশ্মির নিয়েও যে চীন হস্তক্ষেপ করতে পারে তা নিয়ে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





